অচল পয়সার জীবন

আমি শুধুই অবসর নিয়ে আসিয়াছি
কত ঢের ব্যস্ত প্রাণের ভিড়ে।
অচল পয়সার মত আমি রয়েছি পড়ে,
জীবন পকেটের এক কোণে।

কান পেতে শুনিয়াছি জীবনের কোলাহল,
চোখ চেয়ে দেখিয়াছি জীবিকার টানে;
দেহের পসরা সাজিয়ে কত ঘাই হরিণীর দল
চেয়ে আছে শেয়াল আর শুকুনের পানে।

দেখিয়াছি শেয়ানা বুদ্ধিজীবির পাল,
গোলামির দাম বুঝে নিয়ে, ফিরিতেছে ঘরে।
আর চেতনাধারী বিপ্লবীরা সব
আদর্শের স্বপ্নদোষে ভুগে,
সময়ের আগে পড়িতেছে ঝরে।

দেখিয়াছি ব্যর্থ প্রেমিকের দল, খুঁজিতেছে প্রেম
তরল নেশার গেলাসে।
আর কত কত নির্লোভ দেবদূত,
ভেসে গেছে রাত্রির বিলাসে।

অবসর নাই আজ কাহারো প্রাণে
আমিই শুধু অবসর নিয়ে আসিয়াছি।
অচল পয়সার মত রয়েছি পড়ে,
জীবন পকেটের কোন এক কোণে।