হরিৎ হেমলকের স্বাদ

বসন্তের এই বৃষ্টি ভেজা উদাসী দুপুরে,
নিয়তির কাছে হার মেনে নিয়ে
একা এক জুয়াড়ি- ফের গেল ফিরে
জীবন জুয়ার আসরে।

সবুজ ঘাসের খোঁজে
কোন এক ঘাই হরিণী
ছুটে গেল তার-
গতজন্মের শিকারির কাছে!

সুখের মত বেদনার পিপাসায়
কোন এক মাতাল,
ফের চুমুক দিল-
ঘোলাটে বিষের গ্লাসে।

এক পাখি ফিরে গেল নীড়ে,
এক নাবিক ফিরে এল তীরে।
আর এক ব্যর্থ প্রেমিক
ঠোঁটে হরিৎ হেমলকের স্বাদ নিয়ে
ফিরে গেল তার
ঘা আর পচনের কাছে।