বসন্তের অশ্রু

এইখানে বসন্তের দুপুর বেলায়
ইউক্যালিপটাসের ধূসর সরু পাতায়,
শুষ্ক বাতাস খেলা করে, আর-
তপ্ত পিচের পরে লেগে থাকে
শুকনো রক্তের দাগ।

একের পর এক কল দানবের চাকায়
পিশে যায়-মিশে যায় মায়ের শরীর।
মাতৃ দুগ্ধের শেষ ফোঁটাটাও
একসময় শুকিয়ে যাবে জানি।
কিন্তু অবুঝ বাচ্চাগুলো,
হয়ত তা জানবে না কোনদিন।

মায়ের অপেক্ষায় ক্ষুধার জ্বালায়
ভিজে থাকবে তাদের চোখ।
অতপরঃ এমন আরেক বসন্তের দুপুরে
তাদের সেই অশ্রুও শুকিয়ে যাবে,
ইউক্যালিপটাসের গন্ধ মাখা
এই শহুরে বসন্তের হাওয়ায়।